
মুক্তপাঠ: Daily Local Voice
আমাদের তো অনির্দিষ্ট যাত্রা
কখনো সময়ের বিপরীতে-
কখনো স্রোতের নির্দিষ্ট রথে,
শেষ না হওয়া কাজ
শেষ না হওয়া আজ
বিগত ইচ্ছের ছায়ায় ও ছুটতে হয় অন্ধকারে।
আমাদের থামার জো নেই
পেরোতে হয় নদ-নদী, অদৃষ্ট-ইতিহাস
সটান ধেয়ে আসে হৃদয়হীন জলের অবিশ্বাস।
আমাদের দিন অনিশ্চয়তার
উত্তাপের অপেক্ষায় শীতরাত্রি কাতর
অর্জন করি গন্তব্যের পূণ্য-পার্থিব বিত্ত
পুষ্প মুকুট খুলে রেখে করি ভুলের প্রায়শ্চিত্ত।
সাপের দেহ ছাড়ে অতীতের খোলস
সময় উধাও ভবিষ্যতের রাঙ্গা ঘোড়ায় চড়ে
সওয়ারীর দম ছুটে যায়
পায় না গন্তব্য দেখা
বলি রেখা মুখে এঁকে
নিভিয়ে দেয় অন্তিম শিখা।
কবি: মোহাম্মদ জোবায়ের (রাজনীতিক)